হবিগঞ্জ প্রতিনিধি | ১৭ মার্চ, ২০১৮
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি.কে গউছ।
শনিবার (১৭ মার্চ) দুপুরে তিনি চৌধুরী বাজারে পুড়ে যাওয়া দোকানগুলো দেখতে যান। এসময় ৪ নং ওয়ার্ডের পৌরকাউন্সিলর মোহাম্মদ জুনায়েদ মিয়াসহ এলাকার ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মেয়র ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলাপ করে তাদের সান্ত্বনা দেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হবিগঞ্জ পৌরসভার পক্ষ হতে সহায়তা দেয়ার আশ্বাসও প্রদান করেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে খোয়াইমুখ এপ্রোচ রোড হতে কাঁচামাল বাজার প্রবেশ রাস্তার পার্শ্ববর্তী ৪টি দোকানে আগুন লাগে। বিদ্যুতের শর্ট সার্কিট হতে আগুন লাগে বলে জানায় হবিগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সামছুর আলম।
সামছুল আলম বলেন, খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। সেখানে প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ অগ্নিকান্ডে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে জানা গেছে।