সিলেটটুডে ডেস্ক | ১৭ মার্চ, ২০১৮
ভারতের দৈনিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক অরিজিৎ আদিত্য সিলেটে কর্মরত সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। শনিবার সন্ধ্যা সাতটায় নগরের বারুতখানা এলাকায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আসাম অঞ্চলের রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতিসহ সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা আলাপচারিতায় অংশ নেন।
মতবিনিময়ে দৈনিক যুগশঙ্খ পত্রিকার বার্তা সম্পাদক পার্থ ভট্টাচার্যও উপস্থিত ছিলেন। এ সময় বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার অরিজিৎ আদিত্য জানান, এটিই তাঁর প্রথম বাংলাদেশ সফর। তাঁর নিজের শহর শিলচর এবং সিলেটের মধ্যে চেহারাগত কোনো পার্থক্য খুঁজে পাননি বলে তিনি জানিয়েছেন। অরিজিৎ আরও বলেন, ‘সিলেট ও শিলচরের মধ্যে সংস্কৃতিগতও কোনো পার্থক্য নেই। এটি একসময় একই ভৌগলিক অঞ্চল থাকায়ই এমন সাদৃশ্যতা রয়েছে।’ সভায় তিনি তাঁর দেশের সাংবাদিকতা নিয়েও নানা কথা বলেছেন। সভা শেষে বাউল বশিরউদ্দিন সরকার কয়েকটি গান পরিবেশন করেন।
সিলেটে কর্মরত সাংবাদিকদের মধ্যে দৈনিক শুভ প্রতিদিন পত্রিকার প্রধান সম্পাদক লিয়াকত শাহ ফরিদী, সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার বার্তা সম্পাদক মুক্তাদীর আহমদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, শিক্ষক সঞ্জয় কুমার নাথ, বাউল বশিরউদ্দিন সরকার, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, সিলেট মিডিয়ার সমন্বয়ক আহমেদ বকুল, লেখক পার্থ তালুকদার, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহ্ইয়া মারুফ, ব্যাংক কর্মকর্তা রেবতীমোহন সরকার, প্রকাশক জিবলু রহমান, কবি খালেদ-উদ্-দীন, মঈনউদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক মো. আলমগীর হোসেন, প্রকাশক সুফি সুফিয়ান ও সুমনকুমার দাশসহ সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি সিলেটে হয়ে যাওয়া বরাক-সুরমা নাট্যোৎসবে যোগ দিতে অরিজিৎ আদিত্য সিলেটে এসেছেন।