Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে বজ্রপাতে গ্যাস রাইজার থেকে আগুন, ৫ জনের মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৮

সিলেটের গোলাপগঞ্জের বজ্রপাতে গ্যাস রাইজারে আগুন ধরে মা ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ মার্চ) দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার লক্ষ্মনাবন্দের (টিল্লা বাড়ি) লয়লু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার পনাইরচক গ্রামের মছকন্দর আলীর স্ত্রী সেবু বেগম (২২), সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার খালেরমুখ গ্রামের বাবলু মিয়ার স্ত্রী তাহমিনা বেগম (৩০) তার শিশু সন্তান তাহসিন আহমদ (২), গোলাপগঞ্জের নোয়াই দক্ষিণভাগ এলাকার মৃত ইসরাইল আলীর পুত্র সেবুল মিয়া (১৬), ও একই এলাকার শাহাব উদ্দিনের পুত্র ইয়াজ উদ্দিন (১৮)।

নিহতদের মধ্যে দুই নারীই অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।

বজ্রপাতে গ্যাসের রাইজার থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে জানা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার মধ্যরাতে বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে কলোনি বাসার সামনের গ্যাস রাইজারে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই কলোনিতে আগুন ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হন আরো দুইজন।

এসময় আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) এ কে এম ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.