Sylhet Today 24 PRINT

স্কয়ার ফুডের ৪ কর্মকর্তার বিরুদ্ধে রুল

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৮

স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি. সিলেটের মার্কেট-বি এর পরিবেশক খয়ের উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের পরিবেশক চুক্তি বাতিলের আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত আগামী ১৫ দিনের মধ্যে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকসহ ৪ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।

বুধবার (১৪ মার্চ) সিলেট সদরের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মোছা. শাহিনুর আক্তার এ আদেশ দিয়েছেন।

মামলার আর্জিতে স্কয়ার ফুড এন্ড বেভারেজ লি. সিলেটের মার্কেট বি এর পরিবেশক খয়ের উদ্দিন জানিয়েছেন তিনি ২০১০ সাল থেকে কোম্পানির বি মার্কেটের পরিবেশক হিসেবে দায়িত্বে রয়েছেন। এই সময় থেকে তিনি সিলেট নগরীর ও শহরতলীর বিশাল অংশে স্কয়ার ফুডের মার্কেটিং করে যাচ্ছে। ইতিমধ্যে তিনি ৪ বার কোম্পানির তরফ থেকে পুরস্কৃত হয়েছেন। তাঁর নিয়ন্ত্রিত এলাকার মধ্যে রয়েছে আম্বরখানা থেকে টিবি গেইট, আম্বরখানা থেকে চৌকিদেখি, আম্বরখানা পাঠানটুলা, আম্বরখানা থেকে চৌহাট্টা পর্যন্ত। ক্রমান্বয়ে তার নিয়ন্ত্রিত এলাকা সংকুচিত করা ছাড়াও কোম্পানির পক্ষ থেকে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন খয়ের উদ্দিন।

এসব বিষয় নিয়ে চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি কোম্পানির বিক্রয় ও বিতরণ ব্যবস্থাপক ইব্রাহিম মাহমুদ ও সহকারী ব্যবস্থাপক বিক্রয় কেএম নিজাম উদ্দিন সিলেটের খয়ের উদ্দিনের মালিকানাধীন মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের পরিবেশক চুক্তিনামা দলিল পরিসমাপ্তি ঘোষণা করেন। ওই পত্রে ১৫ মার্চ পর্যন্ত ব্যবসা চালিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগের দিন ১৪ মার্চ আদালতের শরণাপন্ন হলে চুক্তি বাতিলের আদেশ স্থগিত করে দিয়েছেন আদালত এবং ওই রুল জারি করেন।

মেসার্স শাহরিয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খয়ের উদ্দিন জানিয়েছেন তিনি দীর্ঘ ৮ বছর ধরে কোম্পানির পরিবেশক। তার সঙ্গে যে আচরণ করা হয়েছে সেটি ব্যবসায়ীক নয়। তাঁর প্রচুর টাকা মার্কেটে পড়ে থাকায় তিনি ব্যবসায়ীকভাবে ক্ষতির মুখোমুখি হয়েছেন। এ কারণে বাধ্য হয়ে তিনি মামলা করেছেন। আদালত এখন যে সিদ্ধান্ত দেবেন সেটি তিনি মেনে নেবেন। আদালতের নির্দেশে তিনি এখনো ওই কোম্পানির বৈধ পরিবেশক বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.