সুনামগঞ্জ প্রতিনিধি | ১৯ মার্চ, ২০১৮
সুনামগঞ্জের তাহিরপুরে বর্বরতার শিকার সাত বছরের শিশু ইয়াহিন মিয়ার নির্যাতনকারী পিআইসি (প্রকল্প বাস্তবায়ন কমিটি) সভাপতি অদুদ মিয়াকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে খেলাঘর সুনামগঞ্জ জেলা।
সোমবার (১৯ মার্চ) দুপুরে শহরের আলফাত স্কয়ার পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার লোকজন অংশগ্রহণ করেন।
খেলাঘর সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা খেলাঘরের সভাপতি বিজন সেন রায়, সহসভাপতি অ্যাড. অলক ঘোষ চৌধুরী, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, আমাদের সময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ.আর জুয়েল, প্রথমআলো বন্ধুসভার সহসভাপতি হায়দার আলী, খেলাঘরের অর্থ সম্পাদক প্রদীপ কুমার পাল, নাট্যকর্মী রাজীব দেব, জাকের আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়বে। তারা একদিন উজ্জ্বল নক্ষত্র হবে। কিন্তু কিছু অসৎ মানুষের দ্বারা শিশুরা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে। ফসলরক্ষা বাঁধের উপর উঠার দায়ের শিশু ইয়াহিনের উপর বর্বর নির্যাতনকারী পিআইসির সভাপতি অদুদ মিয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে কঠোর শাস্তির নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, শনিবার (১৭ মার্চ) বিকালে বাঁধে উঠার অপরাধে তাহিরপুরের সুলেমানপুরের মাদ্রাসার শিক্ষার্থী ইয়াহিন মিয়া ডান হাতের চারটি আঙ্গুল কেটে দেয় বাঁধের পিআইসির সভাপতি অদুদ মিয়া। এ ঘটনায় রোববার রাতে তাহিরপুর থানায় মামলা দায়ের করেছেন ইয়াহিনের বাবা শাহানুর মিয়া। পুলিশ এর আগে রোববার বিকালে অদুদ মিয়ার ছোট ভাই আলম মিয়া (৩০) কে গ্রেপ্তার করেছে। এদিকে আহত শিশু ইয়াহিন মিয়ার চিকিৎসার ব্যয়ভার গ্রহণের ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান।