Sylhet Today 24 PRINT

রাগীব রাবেয়া মেডিকেল কলেজের নিহত নেপালি শিক্ষার্থীদের স্মরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৯ মার্চ, ২০১৮

নেপালের কাঠমুন্ডুতে অবস্থিত ত্রিভুবন আন্তর্জাতিক বিমান বন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের নেপালি ছাত্র-ছাত্রী নিহতদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ মার্চ) দুপুর ১২টায় কলেজের লেকচার গ্যালারী-১ এ শোক সভার আয়োজন করা হয়।

কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ও সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক এ.কে.এ. দাউদ এবং মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক প্রদ্যেত কুমার ভট্টাচার্য।

শোক সভায় উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ ও সভাপতি ছাড়াও কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন কলেজের ২০তম ব্যাচের নেপালি ছাত্র নিতেশ ঘীমিরে, কলেজের চিকিৎসকবৃন্দের পক্ষে ফার্মাকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মৈত্রয়ী দেব রায়। প্রত্যেক বক্তাই নিহত ছাত্রছাত্রীদের স্মৃতি রোমন্থন করে আবেগ আপ্লুত হয়ে পড়েন।

সভাপতির বক্তব্যে কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আবেদ হোসেন বলেন, তারা ছিল আমার সন্তানের মত, পিতার কাঁধে সন্তানের লাশের বোঝার চেয়ে আর ভারী কিছু হতে পারে না। তারা ছাত্র হিসেবেও অনেক মেধাবী ও বিনয়ী ছিল। এক সাথে এতগুলো সন্তানের লাশ আমাকে দেখতে হবে তা আমি কোন দিন কল্পনাও করতে পারিনি। তাদের হাসিমাখা মুখগুলো আমি কোন দিনও ভুলতে পারবো না।

কলেজ অধ্যক্ষ তাঁর বক্তব্যের সময় কান্নায় ভেঙ্গে পড়েন এবং তখন আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

নেপালে দুর্ঘটনায় কবলিত ইউএস বাংলার বিমানটিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ সিলেটের ১১ জন নেপালি ছাত্র-ছাত্রী নিহত হওয়ায় তাদের স্মরণে আয়োজিত শোক সভায় আরো উপস্থিত ছিলেন কলেজ ও হাসপাতালের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক ও ছাত্রছাত্রীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.