ছাতক প্রতিনিধি | ১৯ মার্চ, ২০১৮
ছাতক বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় জাতীয়করণের জন্য প্রায় ৫২ কোটি টাকা মূল্যের সাড়ে ৫ একর জমির দানপত্র দলিল সম্পাদনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (১৯ মার্চ) বিকালে বিদ্যালয় আঙিনায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শামীম আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট।
বক্তব্য রাখেন, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসিরুল্লাহ খান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, ছাতক ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শকর দাস, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু, আওয়ামী লীগ নেতা আবরু মিয়া তালুকদার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৪১ সালে প্রতিষ্ঠিত ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয় ছাতক এলাকার একটি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা মন্ত্রণালয়ের অনুকূলে জমি হস্তান্তরের মধ্য দিয়ে বিদ্যালয়টি জাতীয়করণ হবে।