Sylhet Today 24 PRINT

উন্নয়নশীল দেশ হওয়ায় সুযোগ সুবিধা কমবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৮

অর্থমন্ত্রী আবদুল মাল আবদুল মুহিত বলেছেন, বাংলাদেশে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করায় বেশ কিছু সুবিধা কমবে। সেক্ষেত্রে মানুষকে কষ্ট না দিয়ে রাজস্ববান্ধব পরিবেশ সৃষ্টি ও করজাল বাড়ানোর মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানো হবে বলে জানান তিনি।

মঙ্গলবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ২২তম আন্তঃ অফিসার্স ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন শেষে প্রধান অথিতির বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলনে- আগে বিভিন্ন দেশের কাছে অনুদান নিতাম। এখন থেকে আর্থিক সুবিধার পরিবর্তে বহির্বিশ্ব থেকে শুধুমাত্র লোণ (ঋণ) আনবে বাংলাদেশে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, নির্বাচনী বছরে জিডিপি কমার সম্ভাবনা নেই তবে কর বাড়ানো হবে।

উন্নয়নশীল দেশ হওয়ায় আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে কিনা, এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে না বরং কমবে, তবে এটি আমাদের জন্য ভালো। একটু সুযোগ সুবিধা কমবে, তো কী হয়েছে। অবস্থার পরিবর্তন করা ভালো, সকলের জন্য ভালো।

৩দিন ব্যাপী এ ক্রীড়া, সংস্কৃতি ও সাহিত্য অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের সবকটি শাখার প্রায় ৬০০ প্রতিযোগী ২২টি ইভেন্টে অংশগ্রহণ করছেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন’র কার্যনির্বাহী সদস্য মাহি উদ্দিন আহমদ সেলিম, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.