Sylhet Today 24 PRINT

খালেদা জিয়ার মুক্তি নিয়ে লুকোচুরি খেলছে সরকার: সিলেট বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৮

সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্রের মা। বিএনপি চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েশি রায়ে কারাগারে আটকে রাখার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কলঙ্কের কালেমা লেপন করেছে। বিচার বিভাগে নিজেদের দলীয় মানুষ বসিয়ে গোটা বিচার বিভাগকে ধ্বংস করে দেয়া হয়েছে। যে মামলায় ৫ বছর তো দূরের কথা এক সেকেন্ডের সাজা দেয়ার সুযোগ নেই সেই মামলায় ৫ বছর দণ্ড দিয়ে তারা প্রমাণ করেছে কোন অপরাধ নয়, তাঁকে রাজনীতি থেকে মাইনাস করতেই এই ফরমায়েশি সাজা । বিচারের নামে প্রহসন চালিয়ে খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেই বাকশালীরা ক্ষান্ত হয়নি। তাঁর মুক্তি নিয়ে লুকোচুরি খেলা শুরু করেছে। কোন ষড়যন্ত্রই সফল হবে না। দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে টালবাহানার পরিণতি ভাল হবে না। সময়ের ব্যবধানে তাঁর মুক্তির দাবিতে জনতা ঠিকই জ্বলে উঠবে। তখন তাঁরা পালানোর পথও খুঁজে পাবে না। বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য বাকশালী সরকার যে ফাঁদ তৈরি করেছিল, খুব অল্প সময়ের মধ্যেই তাদের পাতানো ফাঁদে তারা নিজেরাই ফেঁসে যাবে। সময় থাকতে শুভ বুদ্ধির উদয় না হলে, লজ্জাজনক পরিণতির জন্য অবৈধ সরকারকে প্রস্তুত থাকতে হবে।

মঙ্গলবার (২০ মার্চ) বিকেলে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েশি রায়ে কারান্তরীণ বেগম খালেদা জিয়ার মুক্তি বিলম্ব ও নি:শর্ত মুক্তির দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।

নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক এর পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলার সিনিয়র সহসভাপতি আব্দুল কাহির চৌধুরী, জেলা সহসভাপতি কানাইঘাট উপজেলা চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সহসভাপতি হাজী মো. শাহাব উদ্দিন, জেলা উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু মিয়া, শহীদ আহমদ চেয়ারম্যান, মাজহারুল ইসলাম ডালিম, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা প্রকাশনা সম্পাদক এডভোকেট আল আসলাম মুমিন, আইন সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান, ধর্ম সম্পাদক আল মামুন খান, মহানগর পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, জেলা তাতী বিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদার, মহানগর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, মহানগর বিএনপির সহদপ্তর সম্পাদক লোকমান আহমদ, জেলা সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, মহানগর সহক্ষুদ্র ঋণ ও কুটির শিল্প সম্পাদক খোকন ইসলাম, বিএনপি নেতা এম মখলিছ খান ও জিয়াউর রহমান দিপন। সমাবেশের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মহানগর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী।

সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, অবৈধ ক্ষমতার মোহে বাকশালী সরকার দেউলিয়া হয়ে পড়েছে। বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মাইনাস করে নির্বাচন করতেই ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েশি রায় দিয়ে কারান্তরীণ করে রেখেছে। তাঁর মুক্তি নিয়ে নতুন নতুন নাটক মঞ্চস্থ করে আওয়ামী লীগ নিজের পায়ে কুড়াল মারছে। জনবিচ্ছিন্ন আওয়ামী বাকশালীরা জনতার রায়কে ভয় পায়। সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়। তারা বিনা ভোটে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন শীঘ্রই দু:স্বপ্নে পরিণত হবে। বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হতে দেয়া হবে না। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় জনগণই তাদের গণতন্ত্রের মায়ের মুক্তির জন্য সম্ভাব্য করনীয় সব করতে প্রস্তুত রয়েছে।

সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন, আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী প্রতিপক্ষকে দমন করতে বাকশালীরা নগ্ন দলীয়করণের মাধ্যমে গোটা বিচারবিভাগ ধ্বংস করে দিয়েছে। ন্যায় বিচারের সকল পথ রুদ্ধ করে দেয়া হয়েছে। সম্পূর্ণ ভুয়া একটি রাজনৈতিক মামলায় ফরমায়েশি রায় দিয়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখে এখন তাঁর মুক্তি নিয়ে আওয়ামী লীগ যে নির্লজ্জ রাজনীতি শুরু করেছে, এজন্য তারা ইতিহাসের আস্থাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। গণতন্ত্রের মায়ের মুক্তি ছাড়া এদেশে কোন প্রহসনের নির্বাচন হতে দেয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.