Sylhet Today 24 PRINT

ঝুঁকিপূর্ণ স্থানে নেই বাঁধ, ফসল হারানোর শঙ্কায় পিংলার হাওরের কৃষকরা

কামরুল ইসলাম মাহি, জগন্নাথপুর |  ২২ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের জগন্নাথপুরে ঝুঁকিপূর্ণ স্থানে ফসলরক্ষা বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগে গ্রহণ না করায় ফসল হারানোর শঙ্কা করছেন কৃষকরা।

বৃহস্পতিবার (২২ মার্চ) পিংলার হাওরে এমন দৃশ্য দেখা গেছে। বেড়িবাঁধ না হওয়ায় হাওরের ফসল অরক্ষিত অবস্থায় রয়েছে।

কৃষকরা জানিয়েছেন পিংলার হাওরের প্রায় এক হাজার ফুট লম্বা স্থানে বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এ অংশ দিয়ে হাওরের ফসলডুবির আশঙ্কা রয়েছে। দ্রুত ওই স্থানে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

সরেজমিন দেখা যায়, উপজেলার পিংলার হাওরের নলজুর নদীর পাড় থেকে প্রায় এক হাজার কিলোমিটার এলাকায় কোন বাঁধ নির্মাণ করা হয়নি। হাওরঘেষা নলজুর নদীর নাব্যতা হারানোর কারণে হাওরে পানি প্রবেশের শঙ্কা থাকছেই। যে কারণে হাওরের ফসলহানির সংশয় দেখা দিয়েছে।

কৃষক সাদেক মিয়া জানান, অপরিকল্পিতভাবে অনেক স্থানে বেড়িবাঁধ নির্মিত হচ্ছে অথচ পিংলার হাওরের ঝুঁকিপূর্ণ স্থানে বাঁধ নির্মাণের উদ্যোগে নেই। এটি সত্যিই হতাশাজনক। অবিলম্বে অরক্ষিত স্থানে বাঁধ নির্মাণ করে কৃষকদের বাঁচানোর আহবান জানান তিনি।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী নাসির উদ্দীন জানান, কৃষকদের দাবির প্রেক্ষিতে উপজেলায় সভা করে ওই স্থানে একটি প্রকল্প অনুমোদনের জন্য জেলায় পাঠানো হয়েছে। জেলা থেকে অনুমোদন পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।

জগন্নাথপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, পিংলার হাওরে দুটি প্রকল্পের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের প্রাক্কলন অনুযায়ী কাজ করা হয়েছে। এখন হাওরের আরো কিছু জায়গায় বাঁধ নির্মাণের জন্য কৃষকরা দাবি জানিয়েছেন। বিষয়টি আমরা সংশ্লিষ্টদের অবহিত করেছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.