Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে পুলিশি অভিযানে পাইপগান উদ্ধার

প্রবাসীর বাড়িতে হামলার ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলা

ওসমানীনগর প্রতিনিধি |  ২৩ মার্চ, ২০১৮

সিলেটের ওসমানীনগরে প্রবাসীর বাড়িতে হামলার ঘটনার পর ওসমানীনগর থানা পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করে একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করেছে। বৃহস্পতিবার (২২ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউপির শশারকান্দি গ্রামের মসজিদের পেছনের দুটি দেয়ালের মধ্যখান থেকে পরিত্যক্ত অবস্থায় পাইপগানটি উদ্ধার করা হয়। তবে পাইপগান উদ্ধারের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

প্রবাসী মোশাহিদ খানের বাড়িতে হামলার ঘটনায় তার মামা আছাবি বিবি (৭০) বাদী হয়ে ২৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী করে শুক্রবার দুপুরে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে হামলার পর গত বৃহস্পতিবার পুলিশের হাতে আটক একারাই গ্রামের মৃত আব্দুল মুতলিবের ছেলে নজির মিয়া মামলার এজাহার নামিয় আসামী থাকায় শুক্রবার দুপুরেই আদালতের মাধ্যমে পুলিশ তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্যাহ পাইপগান উদ্ধার ও মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনও আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে আসামী গ্রেপ্তারে পুলিশি তৎপরতা চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.