Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

গোয়াইনঘাট প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৮

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে আলী আহমদ (২৫) ও রুমেল আহমদ (৩০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এতে অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত মিত্রিমহল গ্রামের আব্দুল জলিলের ছেলে আলী আহমদ ও আজিজুল ইসলামের ছেলে রুমেল আহমদ।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের মালিকানার জমিতে দেয়াল নির্মাণ নিয়ে শুক্রবার (২৩ মার্চ) বহর গ্রামের জামাল আহমদ এবং মিত্রিমহল গ্রামের আব্দুস সোবহানের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

রাতে এ নিয়ে সালিশ বৈঠকও হয়। এময়ও সেখানে হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে সকালে আবার উত্তেজনা নিরসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী, নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান আমিরুলসহ এলাকার গণ্যমান্য লোকজন মিত্রিমহল গ্রামে যান। আলোচনার একপর্যায়ে বহর গ্রামের লোকজন গুলি ছুঁড়লে সংঘর্ষ বাধে।

এসময় গ্রামের বাসিন্দারা সালুটিকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তেরা মিয়ার ছেলে জামাল আহমদ ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মিত্রিমহল গ্রামে হামলা চালায়। তাদের প্রতিহত করতে গিয়ে মিত্রিমহল গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। এক পর্যায়ে বহর গ্রামের লোকজনের হামলায় প্রাণ হারান আলী ও রুমেল।আহত হন অর্ধশতাধিক। তাদের কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, সংঘর্ষ চলাকালে গুলিতে মিত্রিমহল গ্রামের দু’জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক ও সাবেক চেয়ারম্যান তেরা মিয়ার ছেলে জামাল আহমদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে নিশ্চিত করেন সিলেটের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান খান। হামলাকারীদের আটক ও অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.