Sylhet Today 24 PRINT

ছাতকে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে যুবক কারাগারে

ছাতক প্রতিনিধি |  ২৪ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ছাতকে ১০ বছরের মেয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বেলাল মিয়া (২০) নামে যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সে উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাতগাঁও গ্রামের মৃত বোদন মিয়ার পুত্র।

আটক বেলালের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার (২৪ মার্চ) তাকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০টায় শহরের দক্ষিণ রহমতবাগ সংলগ্ন একটি ভাড়াটিয়া বাসায় ১০ বছরের একটি মেয়েকে যৌন নির্যাতন করায় তাকে আটক করে বেঁধে রাখা হয়।

খবর পেয়ে থানা পুলিশ আটক বেলাল মিয়াকে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাতেই শিশুটির পিতা বাদী হয়ে বেলালের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন বেলালকে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.