নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০১৮
লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল হত্যাচেষ্টা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন হামলাকারী ফয়জুর হাসানের বন্ধু সোহাগ মিয়া।
রোববার বিকেলে সিলেট মহানগর হাকিম প্রথম আদালতে জবানবন্দি প্রদান করেন তিনি। আদালতের বিচারক মামুনুর রশিদ সিদ্দিকী ১৬৪ ধারায় সোহাগের জবানবন্দি গ্রহণ করেন।
সোহাগের স্বীকারোক্তি প্রদানের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী বলেন, সোহাগ আদালতকে জানিয়েছে বিভিন্ন ধরনের ওয়াজ ও উগ্রবাদী ভিডিও মেমোরি কার্ডের মাধ্যমে ফয়জুরকে সে সরবরাহ করতো। 'ইসলামের শত্রু' কারা তাদের ব্যাপারে তথ্য সম্বলিত ভিডিও প্রদান করতো। ফয়জুর সেগুলো কপি করে নিজের কাছে রেখে মেমোরি কার্ড ফিরিয়ে দিতো।’
অমূল্য বলেন, ‘জবানবন্দি গ্রহণ করে আদালত সোহাগ মিয়াকে কারাগারে পাঠিয়েছেন।’
এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন ফয়জুর হাসান, তার বাবা আতিকুর রহমান ও ভাই এনামুল হাসান।
গত ৩ মার্চ শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবালের উপর হামলা চালায় ফয়জুর হাসান। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে নগরীর জালালাবাদ থানায় মামলা দায়ের করেন শাবি রেজিস্ট্রার ইশফাকুল হোসেন। মামলায় ছয়জনকে গ্রেপ্তার দেখানো হয়। এরা হলেন- ফয়জুর রহমান, তার বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম, ভাই এনামুল হাসান, মামা ফজলুর রহমান ও ফয়জুরের বন্ধু সোহাগ মিয়া।