ছাতক প্রতিনিধি | ২৫ মার্চ, ২০১৮
ছাতকের দোয়ারাবাজারে পাওনা টাকা আদায় করা নিয়ে দুই পরিবারের মধ্যে মারামারি ঘটনায় বীমা কর্মী রাবিয়া বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের ডাউকেরকাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী।
এ ঘটনায় রাবিয়া বেগমের স্বামী হেলাল উদ্দিন স্ত্রী মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটনে রোববার (২৫ মার্চ) দুপুরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাউকের কাড়া গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী রাবিয়া বেগম একটি বীমা কোম্পানির স্থানীয় কর্মী হিসেবে কাজ করতেন। তিনি গত শনিবার দুপুরে বীমার কিস্তির টাকা সংগ্রহ করতে একই এলাকার প্রতিবেশী হারিছ উদ্দিনের স্ত্রী শিবলী বেগমের বাড়ীতে যান। এ সময় বীমার টাকা বিষয় নিয়ে দুই নারীর মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে জড়িয়ে পড়ে। এ ঘটনায় রাবিয়া বেগম গুরুতর আহত হলে তাকে প্রথমে দোহালিয়া উপস্বাস্থ্য কেন্দ্রে ও পরে দোয়ারাবাজার উপজেলার সদর হাসপাতালে নেয়ার পথে রাবিয়া বেগমের মৃত্যু হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশীল রঞ্জন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই নারীর মৃত্যুর ঘটনায় স্বামী একটি লিখিত অভিযোগ দায়েরের পর নিহত রাবিয়া বেগমের লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।