Sylhet Today 24 PRINT

এবার বোরোর বাম্পার ফলনের আশা

সদরুল আমিন, ছাতক  |  ২৬ মার্চ, ২০১৮

ছাতকে ফসলের মাঠ যেন এখন সবুজ বিছানা। উপজেলার হাওরজুড়ে যতদুর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। এই সবুজকে ঘিরেই আশায় বুক বাঁধছেন কৃষকরা।

গতবছর তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিলো। বন্যায় তলিয়ে গিয়েছিলো হাওরের বোরো ফসল। তবে এবার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। প্রকৃতি অনুকুলে থাকলে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন বলে মনে করেন তারা।

হাওরের কৃষকদের এখন দম ফেলবার ফুসরত নেই। দিন-রাত সমানতালে কাজ করে যাচ্ছেন।  সময় মতো সার প্রয়োগ, সারের মূল্য তুলনামূলক কম হওয়া আর আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার বোরোর বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, এ উপজেলায় চলতি বোরো মৌসুমে  প্রায় ১৪হাজার ২শ’ হেক্টর জমিতে চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তবে আবাদ হয়েছে প্রায় ১৬হাজার হেক্টর জমিতে।

ধান ঘরে তুলে নেয়ার পূর্ব পর্যন্ত যাতে বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, এই প্রত্যাশা এখন কৃষকদের।

কালারুকা ইউনিয়নের নয়া লম্বা হাটি গ্রামের কৃষক আসাদ আহমদ বলেন, এবার প্রতিটি গ্রামেই অন্যান্য বছরের তুলনায় অধিক জমিতে বোরো আবাদ করা হয়েছে। এখন সবুজে সবুজে ভরে গেছে ফসলের মাঠ। বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলন হবে বলে তারা জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক জানান, আমাদের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে কীটনাশক, রাসায়নিক সার প্রয়োগ ও পোকামাকড় দমনের ক্ষেত্রে নিয়মিত পরামর্শ প্রদান করছেন। ফলে কৃষকরা সঠিক সময়ে সার ও কীটনাশক তাদের ফসলি জমিতে প্রয়োগ করতে পেরেছে বলে মাঠজুড়ে দেখা মিলছে সবুজ ধান গাছের সমারোহ। কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখিা না হলে এবার বোরো ধানের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.