Sylhet Today 24 PRINT

কদমতলীতে ছুরিকাঘাতে প্রাক্তন শাবি ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৬ মার্চ, ২০১৮

সিলেট নগরীর দক্ষিণ সুরমার কদমতলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মাহিদ আল সালাম (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন ছাত্র বলে জানা গেছে। নিহত মাহিদ নগরীর পাঠানটুলা আবাসিক এলাকার মৃত অ্যাডভোকেট মো. আব্দুস সালামের পুত্র।

রোববার (২৫ মার্চ) রাত ১টা থেকে দেড়টার মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।

তিনি জানান, চাকুরী সংক্রান্ত কাজে মাহিদ রোববার রাতে ঢাকার উদ্দেশ্যে যাবার জন্য রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন। তিনি রাত ১টার দিকে কদমতলী এলাকায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে হাঁটুর পেছনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে সেখানে অচেতন অবস্থায় পরে থাকতে দেখে এক রিকশাচালক তাকে নিয়ে হাসপাতালের দিকে রওয়ানা হলে ক্বীনব্রিজ এলাকায় এলে সেখান থেকে পুলিশ মাহাদিকে রাত আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী  হাসপাতালে নিয়ে যান। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহাদি।

উদ্ধারকারী দক্ষিণ সুরমা থানার উপ পরিদর্শক (এসআই) রিপন বলেন, ‘অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।’

জানা যায়, নিহত মাহিদ শাবি থেকে স্নাতকোত্তর পাস করে কিছুদিন বেসরকারি মোবাইল কোম্পানি বাংলালিংকে চাকুরী করেছেন। এছাড়াও শাবিতে পড়ার সময় তিনি শাবির মাভৈ আবৃত্তি পরিষদের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.