Sylhet Today 24 PRINT

বাড্‌সের দেয়ালিকায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ

শাকিলা ববি, হবিগঞ্জ |  ২৬ মার্চ, ২০১৮

‘লাল সূর্যের ছবিটি আঁকলেন যিনি স্বাধীনতার মন্ত্রে, এই ছাব্বিশে স্মরি তারে।’ বাংলাদেশের মানচিত্রের ভিতরে লাল রংয়ে লিখা এই লাইন, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতি, কবিতা, ফুল, লতাপাতা দিয়ে সাজানো হয়েছে স্বাধীনতা দিবস দেয়ালিকা।

বাড্‌স কেজি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থীরা স্বাধীনতা দিবস উপলক্ষে এই দেয়ালিকা তৈরি করেছে। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে এই দেয়ালিকা প্রকাশ করা হয়েছে।

“মুক্ত পানি, মুক্ত আকাশ
মুক্ত আমি তুমি
রক্ত দিয়ে কিনে আনলাম
প্রিয় জন্মভূমি।”

এ রকমের দেশের ও মুক্তিযুদ্ধের কবিতা গুচ্ছ রয়েছে দেয়ালিকায়।

বাড্‌স কেজি এন্ড হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র অমিত বলে, ‘স্বাধীনতা দিবসের এই দেয়ালিকা তৈরির জন্য আমাদের ক্লাসের সকল শিক্ষার্থীরা উদ্দীপিত ছিলাম। আমাদের শিক্ষকরা বাংলাদেশের ইতিহাস ও সকল জাতীয় দিবস সম্পর্কে পড়িয়েছেন। স্বাধীনতা দিবসের ইতিহাস সম্পর্কে শিক্ষকরা আমাদের ধারনা দিয়েছেন। সে ধারনা থেকেই আমরা এই দেয়ালিকা তৈরি করেছি।

একই ক্লাসের ছাত্রী নওরিন বলে, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যে বিষয়েই আমাদের পড়ানো হয়েছে, সব জায়গাই একটি নাম পেয়েছি। সে নামটি হল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাই আমাদের মনে হয়েছে আজকের এই স্বাধীন দেশ বঙ্গবন্ধুকে প্রাধান্য দিয়েই আমরা দেয়ালিকা তৈরি করব।

বাড্‌স কেজি এন্ড হাই স্কুলের শিক্ষক অনিমা সরকার কণার সহযোগিতায় দেয়ালিকাটি তৈরি করেছে স্কুলের ৭ম শ্রেণিতে অধ্যয়নরত মাহি, অমিত, শ্রাবণ, সালমান, তানিম, সৌরভ, নওরিন, উমা, মিম, বুশরাহসহ সকল শিক্ষার্থীরা।

বাড্‌স কেজি এন্ড হাই স্কুলের অধ্যক্ষ আলহাজ্ব মো. নূর উদ্দিন জাহাঙ্গির বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শুধুমাত্র পাঠ্যবইয়ে দেয়া জ্ঞান বিতরণ করলে পূর্ণতা আসে না। তাই আমরা শিক্ষার্থীদের মূল্য শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমও সমান গুরুত্ব দিয়ে শিখাই। এরই বহিঃপ্রকাশ হিসেবে এই দেয়ালিকা তৈরি করেছে এই কোমলমতি শিশুরা।’

তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের কর্ণধার হিসেবে আমার দায়িত্ব বাংলাদেশের সঠিক ইতিহাস কোমলমতি শিশুদের সামনে তুলে ধরা। আমরা সকল শিক্ষকরা মিলে চেষ্টা করেছি তার প্রতিফলন পেয়েছি দেয়ালিকার কবিতা, চিত্র আর নকশায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.