Sylhet Today 24 PRINT

স্বাধীনতা দিবসে মাধবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প

মাধবপুর প্রতিনিধি |  ২৬ মার্চ, ২০১৮

হবিগঞ্জের মাধবপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ মার্চ) মাধবপুর এসোসিয়েশন সিলেটের উদ্যোগে উপজেলা সদরে পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাউন্ট এডোরা হাসপাতাল সিলেটের সহযোগিতায় ৪৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় দেড় হাজার হতদরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করেছেন।

সকালে পার্ক ভিউ মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এম এ আহবাব, শিশু বিশেষজ্ঞ ডা. আখলাখ আহমেদ, এসোসিয়েশনের সভাপতি মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফাইজুল ইসলাম, গিয়াস উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. মো. শাহাব উদ্দিন সহ মাধবপুর এসোসিয়েশন সিলেটের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, নিউরোমেডিসিন, অর্থোপেডিক্স, হৃদরোগ, মানসিক রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ, সার্জারি, নাক-কান-গলা, নবজাতক ও শিশু, মুখ ও দন্ত, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.