গোয়াইনঘাট প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বলেছেন, বিএনপি এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়েই বর্তমান সরকার তাকে কারারুদ্ধ করে রেখেছে। জনগণের দৃষ্টিভঙ্গি ভিন্নখাতে প্রবাহের জন্যই ফরমায়েশি রায়ের মাধ্যমে বেগম জিয়াকে কারান্তরীণ করা হয়েছে। উচ্চ আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জামিন দেয়া হলে সরকারের তরফে আপিল করে আবার তার জামিন বাতিল করা হচ্ছে। সরকারের ষড়যন্ত্রেই ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীকে। এটা কোন সভ্য গণতান্ত্রিক দেশের সাংবিধানিক পন্থা নয়।
সোমবার (২৬ মার্চ) সিলেটের জাফলং রাধানগরে তাঁর গ্রামের বাড়িতে সিলেটের বিএনপির আসন্ন মহাসমাবেশকে কেন্দ্র করে আহুত বিএনপির এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এসবের সব কিছুরই পিছনে রয়েছে বিএনপির অভূতপূর্ব জনপ্রিয়তা অর্জন আর জনগণ থেকে বর্তমান অবৈধ, অনির্বাচিত সরকারের বিচ্ছিন্নতা, দেউলিয়াপনা। বর্তমান সরকারের তরফে এদেশে ঢাকঢোল পিটিয়ে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস থেকে উত্তরণের অনুষ্ঠান করা হয় অথচ দুর্নীতির কারণে বহির্বিশ্ব থেকে স্বৈরাচার সরকারের তকমা পাওয়ার কোন অনুষ্ঠান হয় না, কিংবা বুদ্ধিজীবী, জ্ঞানীগুণীদের কাছ থেকে পরামর্শ নিয়ে দেশের গা থেকে এই কলঙ্ক তিলকমুক্ত করার কোন পরামর্শ নেয়া হয় না। দেশের কোথাও কোন উন্নয়ন হচ্ছে না, লুটপাট চলছে। সর্বত্রই প্রকল্প তৈরি করে চলছে শেষ মুহূর্তের লুটপাট।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, যদি সৎ সাহস থাকে তাহলে বেগম জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠ, শান্তিপূর্ণ পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে আপনারা আমাদের সাথে নির্বাচনে আসুন, দেখবেন জনগণ আপনাদের কতটা ঘৃণা করে।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম শাহপরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা যুবদলের সভাপতি এম.এ মতিন, পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি জালালউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, লেঙ্গুডা ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মো. জাকারিয়া, আলীরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি এবাদুর রহমান, ডৌবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন, বিএনপি নেতা রবি খান, ডা. নুর মোহাম্মদ, উপজেলা যুবদল নেতা জিয়াউল খান জিয়ারত মো. সাহাব উদ্দিন, জিএম সফিক, আব্দুল মান্নান, মনির উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক জি.কে ছাত্তার, সাবেক সদস্য সচিব জাহিদ খান, সাবেক যুগ্ম আহবায়ক গোলাম কুদ্দুস কামরুল, সাবেক যুগ্ম আহবায়ক নির্যাতিত ছাত্রনেতা মিজানুর রহমান হেলোয়ার, নুরুল হুদা খসরু, মমিনুল হক, গোয়াইনঘাট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সাদেক আহমদ, সহসভাপতি জসিম উদ্দিন, পূর্ব জাফলং ছাত্রদল নেতা ইউসুফ আহমদ, হাসান আহমদ, রাসেল সিকদার, লোকমান হোসেন, কামরুল হোসেন মারুফ আহমদ, শাহনুর আহমদ, কামরুল আহমদ প্রমুখ।