Sylhet Today 24 PRINT

দিরাইয়ে শ্মশানঘাটের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২৭ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের দিরাই উপজেলার শ্রীনারায়নপুর গ্রামের হিন্দুদের শ্মশানঘাটের জায়গা পার্শ্ববর্তী হলিমপুর গ্রামের আমিনুল হক ও তার লোকজন জোরপূর্বক দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। শ্মশানের জায়গা দখলের প্রতিবাদে ও সেই জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গ্রামের লোকজন।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে শ্রীনারায়নপুর গ্রামবাসীর আয়োজনে এফআইভিডিবি স্কুল প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণী পেশার হিন্দু-মুসলমান লোকজন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন শ্রীনারায়নপুর গ্রামের বণমালী দাস, সুরেশ চন্দ্র দাস, নগেন্দ্র কুমার দাস, অরুণ কুমার দাস, সচী দাস, জহরলাল দাস, হিরণ শীল, বারানন্দ দাস, ধীরেন দাস, ঝন্টু কুমার দাস, করিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হিরণ মিয়া ও রমিজ খান, জুয়েল মিয়া ও আব্দুর রকিব প্রমুখ।

বক্তারা বলেন, ‘পার্শ্ববর্তী হলিমপুর গ্রামের আমিনুল হক পেশীশক্তির জোরে শ্রীনারায়নপুর শশ্মানঘাটের জায়গা দখল করে নেয়। গ্রামবাসী প্রতিবাদ করায় আমিনুল হক ও তার লোকজন হিন্দু সম্প্রদায়ের লোকজনকে বিভিন্নভাবে প্রাণে মারাসহ দেশত্যাগের হুমকি দিয়ে আসছে। বর্তমানে ওই গ্রামের শ্মশানঘাটের বিকল্প কোন জায়গা না থাকায় মৃতদেহের দাহকার্য নিয়ে রয়েছেন চরম বিপাকে।’ তাই দ্রুত জায়গাটুকু উদ্ধার আমিনুলের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

গ্রামবাসী ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসকের একটি লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার না পাওয়ায় গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন বলেও মানববন্ধনে অভিযোগ করেন তাঁরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.