সিলেটটুডে ডেস্ক | ২৭ মার্চ, ২০১৮
সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ বলেছেন, ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্বিচারে গণহত্যার কঠিন মুহূর্তে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দারাজ কণ্ঠে স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে জাতি মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। যার ফলে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের স্বাধীনতা। শহীদ জিয়ার সাহসী কণ্ঠে স্বাধীনতার ঘোষণা না এলে মুক্তিযুদ্ধের ইতিহাস ভিন্ন হতে। শহীদ জিয়া মানেই স্বাধীনতা, শহীদ জিয়া মানেই বাংলাদেশ। শহীদ জিয়া শুধু ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে ইতিহাসের অংশ হয়েছেন। ক্ষমতাসীন অবৈধ ফ্যাসিস্ট সরকার শহীদ জিয়ার অবদান অস্বীকার করলেও মুক্তিকামী জনতার হৃদয়ে শহীদ জিয়া চির অক্ষয়।
মঙ্গলবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বর্ণাঢ্য স্বাধীনতার র্যালি বের করা হয়। নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন মধুবন মার্কেটের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন।
তাঁরা আরো বলেন, শহীদ জিয়া মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার চেতনাকে অর্থবহ করতে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। বাকশালী সরকার তা বরদাশত করতে পারে নাই। তাই ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলার ফরমায়েসী রায়ে গণতন্ত্রের মা কে কারারুদ্ধ করে রেখেছে। স্বাধীনতার ৪৭ বছর পরেও ক্ষমতাসীনদের অবৈধ ক্ষমতা লিপ্সার কারণে লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ বিশ্বের কাছে স্বৈরাচারী শাসনের দিকে শীর্ষ স্থান লাভ করেছে। যা জাতির জন্য কলঙ্কজনক। স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
র্যালিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, তাতী দল, জাসাস সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীমের সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পরিচালনায় অনুষ্ঠিত র্যালিপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহসভাপতি এডভোকেট ফয়জুর রহমান জাহেদ, সহসভাপতি হুমায়ুন কবির শাহীন, সহসভাপতি সালেহ আহমদ খসরু, সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম, জেলা সহসভাপতি ও কানাইঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহানগর সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সহসভাপতি একেএম তারেক কালাম ও হাজী মো. শাহাব উদ্দিন, মহানগর সহসভাপতি আব্দুস সাত্তার, সহসভাপতি মুফতী বদরুন নুর সায়েক, সহসভাপতি অধ্যাপক সামিয়া বেগম চৌধুরী, সহসভাপতি বাবু নিহার রঞ্জন দে, সহসভাপতি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, সহসভাপতি আমির হোসেন, জেলা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দীকি, এমদাদ হোসেন চৌধুরী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, কাউন্সিলর দিনার খান হাসু, মাহবুব কাদির শাহী, এডভোকেট আতিকুর রহমান সাবু ও হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর সাংগঠনিক কাউন্সিলার সৈয়দ তৌফিকুল হাদী ও মুকুল মুর্শেদ, জেলা সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম ও শামীম আহমদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, স্বাধীনতার ৪৭ বছর পরও আমাদেরকে গণতন্ত্রের জন্য লড়াই করতে হচ্ছে। গণতন্ত্রের মা কে কারাবরণ করতে হচ্ছে যা স্বাধীন জাতির জন্য খুবই লজ্জাজনক। বাকশালী আওয়ামী সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে প্রচার করলেও তারাই স্বাধীনতার চেতনাকে ভূলুণ্ঠিত করেছে। এদের কাছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। তাই স্বাধীনতার দিবসের এই দিনে জাতিকে দীপ্ত শপথ নিতে হবে বাকশালীদের হাত থেকে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার মাধ্যমে দেশে সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবিতে জাতিকে সোচ্চার হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের মাধ্যমে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার সৈনিকেরা অগ্রণী ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।
সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, স্বাধীনতার ৪৭তম বছরে মহান স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের সহধর্মিণী কারান্তরীন থাকাই প্রমাণ করে স্বাধীনতার পরিবর্তে আমরা এখনো পরাধীন রয়ে গেছি।
মহানগর সভাপতি নাসিম হোসাইন বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণায় জাতি মুক্তির দিশা খুঁজে পেয়েছিল। মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধ রয়েছে।