Sylhet Today 24 PRINT

ওয়াজ মাহফিল ঘিরে উত্তেজনা: ধর্মপাশায় ১৪৪ ধারা জারি

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মার্চ, ২০১৮

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড রাজাপুর উত্তর ইউনিয়নের বাবুপুর বাজারে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ওয়াজ মাহফিলে দুই পক্ষের উত্তেজনা দেখা দিলে একদিনের জন্য এই নির্দেশনা জারি করে প্রশাসন।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বাবুপুর বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

তিনি বলেন,  ‘ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’

সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ আহমেদ বলেন, ‘কিছুদিন আগে বাবুপুর বাজারে একজন পীরের অনুসারীরা ওয়াজ মাহফিলে কিছু তরিকা বিরোধী কথাবার্তা বলেন। এনিয়ে বাবুপুর এলাকার স্থানীয় আলেম ওলামাদের মধ্যে বিরোধ দেখা দেয়। এ কারণে আজ পীরের অনুসারী বাচ্চু মিয়া ও দেলোয়ার হোসেন বাবুপুর বাজারে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। যেহেতু বিষয়টি নিয়ে আগে থেকে স্থানীয় এলাকাবাসী দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন, তাই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করেছেন। ফলে ওই সময়ে বাবুপুর বাজারে কোনও ধরনের সভা-সমাবেশ ও অন্যান্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.