Sylhet Today 24 PRINT

জাফলং ও কোম্পানীগঞ্জে পাথর তুলতে গিয়ে ৩ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৮

সিলেটে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে ৩ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ মার্চ) বেলা ১টায় লামাপুঞ্জি পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির বিলালের গর্তে স্থাপিত বোমা মেশিনের পাইপ খুলে গেলে আঘাতপ্রাপ্ত হন নাজিম উদ্দিন (২৫) এবং সন্ধ্যা ৭টায় একই কোয়ারি এলাকার দেলোয়ার,জুয়েল,শহীদ গংদের গর্তের মাটি চাপায় প্রাণ হারান উসমান আলী (৩০)।
অপরদিকে একই সময়ে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় নিহত হন এক শ্রমিক।

জানা যায়, জাফলংয়ের পাথর কোয়ারি থেকে নাজিম উদ্দিনকে উদ্ধার করে এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত উসমান আলী ১নং রুস্তমপুর ইউনিয়নের জামকান্দি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। এবং নিহত নাজিম উদ্দিন ৯নং ডৌবাড়ি ইউনিয়নের ডৌবাড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে।

খবর পেয়ে থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

অন্যদিকে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় বশির এর গর্তে অবৈধভাবে পাথর তুলতে গিয়ে পাথরের চাপা পড়ে এখলাছ নামের এক শ্রমিকের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.