মাধবপুর প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
হবিগঞ্জের মাধবপুরে কাভার্ড ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বকুল রাণী দাস (৬৭) নামে এক নারী নিহত এবং চালকসহ ৩ যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নীজনগর স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত বকুল রাণী দাস ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বড়রা গ্রামের পালু দাসের স্ত্রী।
মাধবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মমিনুল ইসলাম জানান, একটি যাত্রীবাহী সিএনজি মহাসড়ক দিয়ে মাধবপুর থেকে আন্দিউড়া যাচ্ছিল। পথিমধ্যে নিজনগর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বকুল রাণী দাস মারা যান।
এ সময় চালকসহ ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাৎক্ষনিক ভাবে আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান নিয়ে চালক পালিয়ে যায়। এছাড়া বকুল রানী দাসের মরদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।