গোলাপগঞ্জ প্রতিনিধি | ২৭ মার্চ, ২০১৮
গোলাপগঞ্জে সরকারী খাদ্য বান্ধব ২০ বস্তা চাল পাচারের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৬ মার্চ) রাতে এ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল আলম সিদ্দিকী বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি দায়ের করেন।
ওই দিন রাতেই সরকারী চাল পাচারের সাথে জড়িত ফারুক আহমদ (২৬) কে গ্রেপ্তার করা হয়। এই ঘটনা ঘটনার সময় ডিলার ফিরোজ মিয়ার ম্যানেজার আব্দুল মালেক (৫০) কে স্থানীয়রা হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।
উল্লেখ যে, উপজেলার হেতিমগঞ্জে ডিলার ফিরোজ মিয়া (৫০) দীর্ঘ দিন থেকে সরকারী খাদ্য বান্ধব চাল পাচার করে অন্যত্র বিক্রি করে আসছে। এ চাল ১০ টাকা মূল্যে অতি দরিদ্রদের জন্য সরকার বিক্রি করছে।
গত সোমবার ভোরে ফিরোজের নির্দেশে তার ম্যানেজার আব্দুল মালেক ২০ বস্তা চাল নতুন খালি বস্তায় স্থানান্তর করে পাচারের চেষ্টা করে। বিষয়টি এলাকাবাসী আঁচ করতে পেরে স্থানীয় হেতিমগঞ্জ মোল্লাগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে চালসহ ম্যানেজারকে আটক করে।
পরে পুলিশকে খবর দিলে মোল্লাগ্রাম এলাকার মৌলা বক্সের পুত্র, ডিলারের ম্যানেজার আব্দুল মালেককে থানায় নিয়ে আসেন এবং পাচারকৃত চাল স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহিমের জিম্মায় রাখা হয়।
ঘটনার পর রাতে অভিযুক্ত হেতিমগঞ্জ মোল্লাগ্রাম এলাকার মো. সাঈদ আহমদের পুত্র ফারুক আহমদকে আটক করে। এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল আলম সিদ্দিকী বাদী হয়ে ডিলার ফিরোজ মিয়াকে প্রধান আসামী করে, ম্যানেজার আব্দুল মালেক ও ফারুক মিয়াকে আসামী করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা (নং-১২/, তাং- ২৬-০৩-১৮) দায়ের করেন।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি (প্রশাসন) একেএম ফজলুল হক শিবলী মামলা ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,সরকারী চাল চুরির ঘটনায় প্রধান আসামী ফিরোজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।