Sylhet Today 24 PRINT

মাহিদ হত্যার প্রতিবাদে নগরীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মার্চ, ২০১৮

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মাহিদ আল সালাম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে শাবি'র অর্থনীতি এলাম্নাই এসোসিয়েশন। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক ছাত্রছাত্রীসহ সিলেটের সর্বস্তরের মানুষের উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৭ মার্চ) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ২৫ মার্চ রাতে নগরীর কদমতলী এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান শাবির অর্থনীতি বিভাগের ১৯ তম ব্যাচের মেধাবী ছাত্র মাহিদ এ সালাম।

মানববন্ধনে সংগঠনের সভাপতি ও বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাসমির রেজার পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন নিহত মাহিদ আল সালামের বড় ভাই সাঈদ আল সালাম ও চাচা জেবুল হাসান, জাসদ নেতা জাকির হোসেন, সিলেটের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, শাবিপ্রবি অর্থনীতি বিভাগ এলাম্নাই এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল রায় ও ফয়জুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ সাব্বির আহমেদ, ইস্রাফিল আলম, বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ফয়েজ উল্লা, রবিউল ইসলাম, রাজন বর্ধন, শাবি ছাত্রলীগ সহসভাপতি বিজিত লাল দাস প্রমুখ।

বক্তব্যে নিহত মাহিদের বড় ভাই সাঈদ আল সালাম বলেন, আমার ভাইয়ের মত আর কারও যেন ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে না হয়। আমার মায়ের মত আর কোন মায়ের বুক যেন খালি না হয়।

সভাপতির বক্তব্যে অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান বলেন, আমরা আশাকরি এই ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং ছাত্রছাত্রীসহ সিলেটবাসী এই নগরে নির্বিঘ্নে চলাচল করতে পারবে। এই ধরনের ছিনতাই ধারাবাহিকভাবে ঘটেই যাচ্ছে। আমরা আর এমন মৃত্যু দেখতে চাই না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.