Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ২৮ মার্চ, ২০১৮

হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ মুহিবুর রহমান  (২২) নামের এক মাদক সম্রাটকে আটক করছে র‌্যাব-৯। এসময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা জব্দ করা হয়।

বুধবার (২৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার আউশকান্দির হিরাগঞ্জ বাজার থেকে তাকে আটক করা হয় বলে র‌্যাব-৯ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান  র‌্যাবের উপ অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম।

আটককৃত মুহিবুর রহমান নবীগঞ্জের পানি উমদা গ্রামের গনি মিয়ার পুত্র। গনি মিয়াও মাদক ব্যবসার সাথে জড়িত চিলেন বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা। তিনি বর্তমানে মাদক মামলায় কারাগারে রয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ১২৪৪০ পিছ ইয়াবাসহ মুহিবুরকে আটক করে র‌্যাব। আটককৃত মুহিবুর রহমান দীর্ঘদিন থেকে ইয়াবা ব্যবসার সাথে জড়িত ছিলেন।

আটককৃত অভিযুক্তকে নবীগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.