Sylhet Today 24 PRINT

ছাতকে প্রবাসীর বাড়ীতে লুটপাটের অভিযোগ

ছাতক প্রতিনিধি |  ২৮ মার্চ, ২০১৮

ছাতকে এক লন্ডন প্রবাসীর বাড়ীতে মালামাল লুটপাট হয়েছে এমন অভিযোগের এক সপ্তাহ পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। বুধবার (২৮ মার্চ) দুপুরে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এর আগে ২১ মার্চ উপজেলার চরমহল্লা ইউনিয়নের চরবাড়ুকা গ্রামের লন্ডন প্রবাসী মোশাহিদ আলী তালুকদারের বাড়ীতে দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙ্গে লুটপাট করে বলে ২৩ মার্চ মোশাহিদের ছোট ভাই মাওলানা মুছলেহ উদ্দিন তালুকদার ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চরবাড়ুকা গ্রামের মৃত গোলাম মর্তুজার পুত্র মোশাহিদ আলী তালুকদার দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বসবাস করছেন। পরিবারের লোকজন জানান, কয়েকজন দুর্বৃত্ত চালের টিন, রড, সিমেন্ট, ঘরের তালা ভেঙ্গে টেলিভিশন, পানির পাম্প, জমির দলিলসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.