Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জ পৌরসভায় উপনির্বাচন আজ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৮

সুনামগঞ্জ পৌরসভা উপনির্বাচন আজ (বৃহস্পতিবার)। মেয়র আয়ূব বখত জগলুলের মৃত্যুর পর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। নির্বাচনে অংশ নিচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাদের বখত, বিএনপি মনোনীত প্রার্থী সাজাউর রাজা চৌধুরী সুমন ও স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদিন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। বুধবার বেলা সাড়ে ৩টায় ২৩ টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেয় নির্বাচন কমিশন। ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রতি কেন্দ্রের নিরাপত্তারক্ষীদের দায়িত্ব বুঝিয়ে দেয় নির্বাচন কমিশন।

সুনামগঞ্জ পৌরসভার ৯ ওয়ার্ডের ২৩ কেন্দ্রে ভোটার সংখ্যা ৪২ হাজার ৩২২জন ভোটার। এর মধ্যে পুরুষ ২১ হাজার ১৪৯, নারী ২১ হাজার ১৭৩ জন।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল মোতালেব জানান, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে, কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনে স্বচ্ছতা বজায় রেখে কঠোর থাকার কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সুনামগঞ্জ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচনে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। তাছাড়া সাদা পোষাকে গোয়েন্দারা মাঠে থাকবেন। যেকোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক থাকবে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুল গত ১ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। এরপর গত ১৯ ফেব্রুয়ারি উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী নাদের বখত সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত মেয়র মো. আয়ূব বখত জগলুলের ছোট ভাই। বিএনপির প্রার্থী সাজাউর রাজা চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী গণিউল সালাদীন দুজনই মরমি কবি হাছন রাজার প্রপৌত্র। তারা সম্পর্কে চাচাতো ভাই।

সুনামগঞ্জ পৌরসভায় সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ভোট হয়। এ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন আয়ূব বখত জগলুল। তিনি পেয়েছিলেন ১৪ হাজার ৮৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান গণিউল সালাদীন পেয়েছিলেন ১০ হাজার ৪৮৬ ভোট। তৃতীয় স্থানে ছিলেন বিএনপির প্রার্থী মো. শেরগুল আহমেদ। তিনি পেয়েছিলেন ২ হাজার ৪১৪ ভোট।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.