Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জের সব কেন্দ্রেই ছিলো নারী ভোটারদের দীর্ঘ লাইন

ফেঞ্চুগঞ্জ থেকে ফিরে, দেবব্রত চৌধুরী লিটন |  ২৯ মার্চ, ২০১৮

সিলেটের ফেঞ্চুগঞ্জের পাঁচটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বৃহস্পতিবার (২৯ মার্চ) দিনভর উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনের বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায় সারিবদ্ধ ভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন নারী ভোটাররা।

দলীয় প্রতীকে অনুষ্ঠিত হওয়া এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত সদস্য পদে ৫০ এবং সাধারণ সদস্য পদে ২২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
   
উত্তর কুশিয়ারা ইউপির ৭নং ওয়ার্ডের হাজী শফিক কমিউনিটি সেন্টার কেন্দ্রে গিয়ে দেখা যায় শান্তিপূর্ণ ভাবে এই কেন্দ্রের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে। কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মো. অহিদুজ্জামানের সাথে কথা হলে তিনি জানান, দুপুর ১টা পর্যন্ত ১১৭৮ জন ভোটারের এই কেন্দ্রে ৫৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কেন্দ্রের বাইরে কথা হয় ফকিরের পাড়া গ্রামের বাসিন্দা গবরুল আহমেদের সাথে। তিনি জানান অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে হাজী শফিক কমিউনিটি সেন্টার কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।

একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কটালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ১টায় গিয়ে দেখা যায় নারী ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আলতামামুল ইসলাম জানান, ১২৪৩জন ভোটারের এই কেন্দ্রে দুপুর সোয়া ১টা পর্যন্ত ৬০শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

উপজেলার ২নং মাইজগাঁও ইউপির ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর পৌনে ২টায় গিয়ে দেখা যায় এই কেন্দ্রেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা তাদের  ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২৪২৬ ভোটারের এই কেন্দ্রে ৫০ শতাংশের উপরে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. আকরাম হোসেন।   

১৮৭৭জন ভোটারের ১নং ফেঞ্চুগঞ্জ ইউপির চণ্ডী প্রসাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর সোয়া ২টা পর্যন্ত ৫০ শতাংশ ভোটার তদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানান কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সঞ্জয় কুমার সিংহ।   

শেষ সময় পর্যন্ত ভোটারদের উপস্থিতি সন্তোষ থাকবে বলে আশাবাদ জানান ভোট কেন্দ্রগুলোর একাধিক প্রিজাইডিং অফিসার।

দীর্ঘ ১৫ বছর পর ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.