Sylhet Today 24 PRINT

ছাতকে কালবৈশাখী ঝড়ে দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্থ

ছাতক প্রতিনিধি |  ৩০ মার্চ, ২০১৮

ছাতকে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দু' শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে পড়েছে। শুক্রবার (৩০মার্চ) বিকাল সাড়ে চারটায় শিলাবৃষ্টিসহ ঝড়ের তান্ডবে উপজেলার সবকটি গ্রামে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। এতে বিভিন্ন স্থানে কাচা ও আধাপাকা ঘরের চাল উড়ে গেছে, আবার কোথাও ভেঙে পড়েছে পুরো ঘর।

এছাড়া ঝড়ে উপজেলার বিভিন্ন স্থানে গাছ উপড়ে পুরো উপজেলার বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে।

জানা যায়, উপজেলার কালারুকা, ছাতক সদর, নোয়ারাই, ইসলামপুর, চরমহল্লা, ভাতগাও, খুরমা উত্তর, খুরমা দক্ষিণ, জাউয়া বাজার, সিংচাপইড়, গোবিন্দগঞ্জ সৈদেরগাও, ছৈলা আফজালাবাদ, দোলারবাজার ইউনিয়ন সহ প্রায় সবকটি গ্রামে ঝড়-তুফানে প্রায় দু' শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়েছে।

এব্যাপারে সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সচিব পীর মোহাম্মদ আলী মিলন সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঝড়ের তান্ডবে বেশ কয়েক স্থানে তারের উপর গাছের ডালপালা পড়েছে। শীঘ্রই এগুলো সরিয়ে বিদুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার নাছির উল্লাহ খান জানান, ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে কি পরিমান ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.