নিজস্ব প্রতিবেদক | ৩১ মার্চ, ২০১৮
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোসাদ্দেক হোসেন মুসার জানাজা শনিবার (রাত) ৯টায় দক্ষিণ সুরমাস্থ মকন মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
সিলেটটুডে কে এ তথ্য জানিয়ে মুসার রাজনৈতিক সহকর্মী সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশীদ আহমদ বলেন, আজ বাদ এশা মকন মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে তার গ্রামের বাড়ীতে দাফন করা হবে।
তিনি আরো বলেন, বিকেল ৪টা নাগাত তার মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছবে।
এর আগে তিনি সকাল পৌনে ৭টার দিকে রাজধানী ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার সময় আকস্মিক কালবৈশাখী ঝড়ের সময় মুসা দক্ষিণ সুরমা থেকে কাজির বাজার সেতু হয়ে সিলেট নগরীর রিকাবীবাজারে আসছিলেন। এসময় শুরু হওয়া কালবৈশাখী ঝড়ের সময় একটি চটপটির গাড়ি মোটর সাইকেলের উপর এসে আছড়ে পড়ে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী হাসপাতালে নিয়ে যান সেখানে থাকা শাবির দুই ছাত্র। ওসমানীতে তাকে প্রাথমিক চিকিৎসা দিলেও রক্ত বন্ধ হচ্ছিল না। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে নেয়ার জন্য বলেন।
ওসমানী হাসপাতালের আইসিইউতে সিট খালি না থাকায় তাকে ওয়েসিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
পরে সেখান থেকে শুক্রবার (৩০ মার্চ) বেলা দেড়টার দিকে একটি এয়ার এ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মারা যান মুসা। শেষ খবর পাওয়া পর্যন্ত মোসাদ্দেক হোসেন মুসার মরদেহ নিয়ে স্বজনরা ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পরে একরাত চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল সাড়ে সাতটায় দিকে তিনি মারা যান।