Sylhet Today 24 PRINT

সিলেটের খারপাড়ায় মা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০১ এপ্রিল, ২০১৮

সিলেট নগরীর মিরাবাজারস্থ খারপাড়ার মিতালী আবাসিক এলাকা থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে মিতালী ১৫/জে নম্বর বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এসময় জীবিত উদ্ধার করা হয় ৫ বছরের একটি শিশুকে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ আব্দুল ওয়াহাব মরদেহ দু'টি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

মৃতরা হলেন, রোকেয়া বেগম (৪০) ও তার ছেলে রবিউল ইসলাম রূপণ (১৬)। আর উদ্ধার করা শিশুটি রোকেয়ার মেয়ে রাইসা বেগম (৫)।

মৃত রোকেয়া বেগম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া গ্রামের হেলাল আহমদের স্ত্রী ও একজন পার্লার ব্যবসায়ী এবং মৃত রূপণ এবছর নগরীর শাহাজালাল জামেয়া থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।

জানা যায়, রোকেয়া বেগম তার ছেলে ও মেয়েকে নিয়ে খারপাড়ার মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসার নিচতলায় গত একবছর ধরে ভাড়া থাকতেন। তাদের সাথে বাসায় একটি কাজের মেয়েও থাকত।

মৃত রোকেয়ার ভাই জাকির হোসেন জানান, শুক্রবার (৩০ মার্চ) পরিবারের সদস্যদের সাথে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এদিন সন্ধ্যা থেকে তারা রোকেয়ার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় রোববার বোনের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।

বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের লাশ উদ্ধার করে। এসময় ঘরের মধ্যে ক্রন্দনরত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। তবে, কাজের মেয়েকে বাসায় পাওয়া যায়নি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ জানান,"শুক্রবার বিকেলেই এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে আমরা ধারনা করছি। রোকেয়া বেগমের শরীরের বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাতের দাগ পাওয়া গেছে। এদিকে ছেলে রূপণকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছি।"

তিনি আরো জানান, "মেয়ে রাইসাকেও তারা সম্ভবত মারার চেষ্টা করে পরে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায়।" মূল ঘটনা তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে পুলিশ মৃত রোকেয়ার বাড়ি থেকে তার ব্যবহৃত কম্পিউটারটি জব্দ করে ও জীবিত উদ্ধার করা রাইসাকে পুলিশ হেফাজতে নেয়। 

অপরদিকে প্রক্ষাঘাতগ্রস্থ অবস্থায় স্বামী হেলাল আহমদ অপর স্ত্রী পান্না বেগম ও তাদের ৯বছরের একটি পুত্র সন্তানকে নিয়ে নগরীর বারুতখানা এলাকার উত্তোরন ৫০ নং বাসায় ভাড়া থাকেন। রোববার বিকেলে ওই বাসায় গিয়ে পান্না বেগমের সাথে সিলেটটুডে টুয়েন্টিফোর ডটকমের কথা হলে তাদের সাথে রোকেয়া বেগমের কোন যোগাযোগ নেই বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.