Sylhet Today 24 PRINT

বিশ্বম্ভরপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ১১ গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি

জামালগঞ্জ প্রতিনিধি |  ০১ এপ্রিল, ২০১৮

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ভাটিপাড়া, বাগময়না, চিতলাহাটি, দূর্গাপুর, জগন্নাথপুর, কিত্তারহাটি, ললিয়াপুর, মানিকটিলা, ওমরপুর, বসন্তপুর, উলাসনগরসহ ১১টি গ্রামে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে চার শতাধিক বসতঘরের চাল বিধ্বস্ত হয়েছে। এসব গ্রামের কয়েক হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে মানবেতর দিনযাপন করছেন।

শুক্রবার উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১১টি গ্রামের উপর দিয়ে প্রচণ্ড ঝড়োবাতাস সহ কালবৈশাখী ঝড় বয়ে যায়। প্রায় ত্রিশ মিনিটের শিলাবৃষ্টির কারণে ব্যাপক ক্ষতি হয়েছে, শিলাবৃষ্টিতে চার শতাধিক বসতঘরের চাল ছিদ্র হয়ে গেছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের দেড়শ ঘর শিলাবৃষ্টিতে পুরোপুরি বিধ্বস্ত হয় এবং কিছু ঘর আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোন সাহায্য সহযোগিতা তারা পাননি।

দূর্গাপুর গ্রামের পরীমনি, মোছা. মাহমুদা আক্তার বলেন, শুক্রবার বিকেলে বড়বড় ফাত্তর আমরার টিনের চালও পড়ছে, মনে অইছে জেন কেউ বন্দুক দিয়া চালের উপর গুলি করতাছে এভাবেই। ফাত্তর পইরা ঘর ছিদ্র অই গেছে। থাকবার মতো কোন জায়গা নাই। হিল পইরা নয়া টিনের চাল ফেরফের অই গেছে। পোলাপানরে লইয়া কোন রকম জান বাঁচাইছি।

দূর্গাপুর গ্রামের মহিবুর রহমান বলেন, এমন টিকে হিল পড়ছে খালি টাস টাস শব্দ হুনা গেছে। কানে কপালে ঠিয়া লাইগা গেছে। এইরকম হিল পড়া তিনি জীবনেও দেখেন নি।

দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ মিয়া বলেন, শিলাবৃষ্টিতে তার ইউনিয়নের ১১টি গ্রামের আট শতাধিক বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাগন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। কিন্তু এখানো কোন সাহায্য সামগ্রী ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণ করা হয়নি। তিনি মানুষের গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় সহযেগিতা কামনা করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সমীর বিশ্বাস বলেন, কালবৈশাখী ঝড়ে ও শিলাবৃষ্টিতে উপজেলার সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১১টি গ্রামে। ক্ষতিগ্রস্ত  গ্রামগুলো জেলা ও উপজেলা প্রশাসনে উর্ধ্বতন কর্মকতাগন পরিদর্শন করেছেন। তাদের পুনর্বাসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পত্র প্রেরণ করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.