সিলেটটুডে ডেস্ক | ০২ এপ্রিল, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, যেকোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে একটি দেশের উন্নয়ন কর্মকাণ্ড আবর্তিত হয়। যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে কৃষিপণ্য, শিল্পের কাঁচামাল এবং শিল্পজাত পণ্য সামগ্রী সহজে ও স্বল্প ব্যয়ে স্থানান্তর করতে সুবিধা হয়। এর ফলে দেশের উৎপাদন বৃদ্ধি পায়, শিল্প ও ব্যবসার প্রসার ঘটে। এজন্য যোগাযোগ ব্যবস্থাকে অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে বিবেচনা করে কাজ করে যাচ্ছি।
রোববার নগরীর আখালিয়া, পাঠানটুলা, হাওলাদারপাড়া এলাকার তিনটি সড়ক প্রশস্থকরণ কাজ সমাপ্ত হওয়ায় এর আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
সিসিক মেয়র বলেন, একটি আধুনিক নগরী গড়ার প্রথম কাজ হলো রাস্তা প্রশস্থকরণসহ তার উন্নয়ন। রাস্তা সংস্কার-প্রশস্থ হলে জমির মূল্য যেমন বৃদ্ধি পায় তেমনি অবকাঠামো উন্নয়ন প্রসারিত হয়।
তিনি আরো বলেন, সিলেট নগরীর প্রতিটি ওয়ার্ডকে আধুনিক এবং পরিচন্ন ওয়ার্ড হিসেবে গড়ে তোলার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে উল্লেখ করে মেয়র আরিফ বলেন, সুযোগ পেলে আগামী কয়েক বছরের মধ্যে সিলেট নগরীকে একটি আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান, মখলিছুর রহমান কামরান, মহিলা কাউন্সিলর রেবেকা বেগম, সিসিকের সহকারী প্রকৌশলী অরবিন্দু দে সহ সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।