Sylhet Today 24 PRINT

হবিগঞ্জের ব্যবসায়ী হত্যায় সাবেক ছাত্রলীগ নেতা ৫ দিনের রিমান্ডে

হবিগঞ্জ প্রতিনিধি |  ০২ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটের ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার (১ এপ্রিল) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাইফুলকে প্রেরণ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।  আদালত এই আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই মামলার আসামী জসিম উদ্দিন চৌধুরী শামীমকে শুক্রবার (৩০ মার্চ) ঢাকার তেজকুনি পাড়ার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন শামীম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শামীমের দেওয়া তথ্য অনুযায়ী চুনারুঘাট বাজার থেকে শনিবার (৩১ মার্চ) সাইফুলকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশ।

হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, শামীমের স্বীকারোক্তি অনুযায়ী সাইফুল ইসলাম রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এনিয়ে আকল মিয়ার হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা রোববার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, কিলিং মিশনে ছিল পাঁচজন। তারাই মূল কিলার। সাইফুল ইসলাম রুবেলের ভাড়া নেয়া অফিসে বসেই একমাস পূর্বে হত্যার পরিকল্পনা করে। কারা অর্থ দেবে, কিলিংয়ে অংশ নেবে, কিলার ভাড়া করবে সব সিদ্ধান্তই এখানে হয়।

তিনি জানান, ইতোমধ্যে ঘটনার মূল পরিকল্পনাকারীদের একজন জসিম উদ্দিন চৌধুরী শামীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তার স্বীকারোক্তির সূত্র ধরে তদন্তও অনেক এগিয়ে গেছে। বেরিয়ে এসেছে মামলার ক্লু ও মোটিভ। রোববার বিকেলে সাইফুল ইসলাম রুবেলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ।

উল্লেখ্য, গত ১ মার্চ ভোরে চুনারুঘাট শহরের বাল্লা রেলগেট এলাকার বাসা থেকে বের হয়ে মসজিদে ফজরের নামাজ আদায় করতে যান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আবুল হোসেন আকল মিয়া। নামাজ আদায় করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২ মার্চ রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বকুল বাদী হয়ে চার জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয় জনের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটি ডিবি পুলিশের দায়িত্বে কাছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.