নিজস্ব প্রতিবেদক | ০২ এপ্রিল, ২০১৮
সিলেট নগরীর মিরাবাজার খারপাড়া এলাকায় নিজ নিজ শয়নকক্ষে মা-ছেলেকে খুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রোববার (১ এপ্রিল) রাতে সিলেট কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে এ মামলাটি দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।
মামলার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামী করে মামলাটি দায়ের করা হয়েছে। মামলাতে কারো নাম উল্লেখ না করা হলেও ৩-৪ জন আমাদের সন্দেহের তালিকায় হয়েছেন।
তবে মা ছেলের হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই জাকির হোসেন সূত্রে জানা যায়, গত একবছর ধরে ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
রোববার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।
পরে বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।