Sylhet Today 24 PRINT

বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক |  ০২ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে চাঞ্চল্যকর কিশোরী বিউটি ধর্ষণ ও হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই জাকির হোসেনকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (২ এপ্রিল) তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম সামছুর রহমান ভূঁইয়া জানান।

তিনি বলেন, “বিউটি হত্যা মামলার তদন্তে অবহেলার প্রমাণ মেলায় তাকে প্রত্যাহার করা হয়েছে।”

প্রসঙ্গত, গত ১৭ মার্চ সকাল সাড়ে ১১টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের পুরাইকলা বাজার সংলগ্ন হাওর থেকে স্কুলছাত্রী বিউটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই বিউটিকে হত্যা ও ধর্ষণের অভিযোগে তার বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল মিয়াসহ দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে শায়েস্তাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ২১ মার্চ বাবুলের মা কলম চাঁন ও সন্দেহভাজন হিসেবে একই গ্রামের ইসমাইলকে আটক করে পুলিশ।

এর আগে গত ১ মার্চ বিউটির বাবা সায়েদ আলী বাদী হয়ে বাবুল ও তার মা কলম চাঁনের বিরুদ্ধে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

গত বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আ স ম শামছুর রহমান ভূঁইয়াকে প্রধান করে ঘটনা তদন্তে কমিটি গঠন করে জেলা পুলিশ।

এরপর ৩১ মার্চ বিয়ানীবাজারে ফুপুর বাড়ী থেকে বাবুলকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আদালত তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.