নিজস্ব প্রতিবেদক | ০৩ এপ্রিল, ২০১৮
সিলেট নগরীর মিরাবাজারের খারপাড়ায় নিহত মা-ছেলের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ দু’টি নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (০২ এপ্রিল) বিকেলে ময়নাতদন্তের পরে হস্তান্তর করা হয় বলে জানান সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হুসনে আরা বেগম।
তিনি জানান, "মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে অনেক কিছু প্রকাশ করা যাচ্ছে না।"
এদিকে, মা-ছেলে হত্যার ঘটনায় রোববার (১ এপ্রিল) মধ্যরাতে কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে মামলা (নং-০২(৪)১৮) দায়ের করেন নিহত রোকেয়া বেগমের ভাই জাকির হোসেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল আলম বলেন, মামলার এজাহারে কারও নাম উল্লেখ করা না হলেও সন্দেহের তালিকায় ৩-৪ জন আছেন।
তবে মা ছেলের হত্যার ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, মিরাবাজারের মিতালী আবাসিক এলাকার ১৫/জে নম্বর বাসায় রোকেয়া বেগম (৪০) তার ছেলে রবিউল ইসলাম রোকনের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের ভাই জাকির হোসেন সূত্রে জানা যায়, গত একবছর ধরে ভাড়া থাকতেন। গত শুক্রবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে রোকেয়াদের সর্বশেষ যোগাযোগ হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যাচ্ছিল।
রোববার সকালে তাদের খোঁজ নিতে মিরাবাজারস্থ বাসায় আসেন নিহতের ভাই জাকির হোসেন। বাসায় এসে ভেতর থেকে তিনি তাদের দরজা বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকির পরও কেউ দরজা না খোলায় তিনি বাড়ির মালিককে খবর দেন।
পরে বাড়ির মালিক ঘটনা শুনে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরে প্রবেশ করে তাদের মরদেহ উদ্ধার করে। এ সময় ঘরের মধ্যে কান্নারত অবস্থায় পাঁচ বছর বয়সী মেয়েকে উদ্ধার করেছে পুলিশ।