Sylhet Today 24 PRINT

ভোলাগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস

সিলেটটুডে ডেস্ক |  ০৩ এপ্রিল, ২০১৮

দেশের সর্ববৃহৎ পাথর কোয়ারি সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ ও কালাইরাগ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী বোমা মেশিন বন্ধে অভিযান চালিয়েছে টাস্কফোর্স। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া টানা তিন ঘণ্টার অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ এর নেতৃত্বে পরিচালিত টাস্কফোর্সের এ অভিযানে পুলিশ, বিজিবি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা অংশ নেন। অভিযানকালে ৩০টি মেশিন বসানোর স্থাপনাও ধ্বংস করা হয়।

টাস্কফোর্স সূত্রে জানা গেছে, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ভোলাগঞ্জ ও কালাইরাগে বোমা মেশিনের ব্যবহার অব্যাহত রেখেছে একটি চক্র। এ অবস্থায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল টাস্কফোর্স সেখানে অভিযান চালায়।

উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবুল লাইছ জানান, ৬টি বোমা মেশিনসহ ৩০টি স্থাপনা পে-লোডার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.