Sylhet Today 24 PRINT

সুরমার ভাঙ্গনের কবলে ছাতক-দোয়ারা সড়ক, ফের বন্ধ যোগাযোগ

ছাতক প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৮

ফের বন্ধ হয়ে গেছে ছাতক-দোয়ারাবাজার সড়ক যোগাযোগ ব্যবস্থা। সুরমা নদীর ভাঙনে সড়কের বেশ কিছু অংশ নদীতে বিলীন হওয়ায় এর আগেও বন্ধ করে দেয়া হয়েছিল এ সড়কটি। এর মধ্যে বৃষ্টিতে সড়কের একটি বড় অংশ নদীতে বিলীন হয়ে যাওয়ায় সোমবার বিকেল থেকে এই সড়কে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।

মংলারগাঁও গ্রামের পাশের মাস্টারপাড়া এলাকায় সড়কের বড় একটি অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। যার ফলে বিচ্ছিন্ন হয়ে পড়ে ছাতক উপজেলার সঙ্গে দোয়ারাবাজার উপজেলার সড়ক যোগাযোগ। এর আগে বিলীন হয়েছে উপজেলা পরিষদ-সংলগ্ন সড়কটি। তবে ভাঙন অব্যাহত থাকলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে, ভাঙনে মংলারগাঁও, মাজেরগাঁও, মুরাদপুর, পূর্ব মাছিমপুর, পশ্চিম মাছিমপুরের শতাধিক পরিবার ভিটেমাটি হারিয়ে রাস্তার পাশে ঘর তৈরি করে কোনো রকম দিন কাটাচ্ছেন।

নদীভাঙন প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম বলেন, এর আগে নদীভাঙন রোধে আমরা এলাকাবাসীকে নিয়ে কয়েকবার মানববন্ধন কর্মসূচি পালন করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি।

দোয়ারাবাজারের ইউএনও কাজী মহুয়া মমতাজ বলেন, গত বৃহস্পতিবার ঢাকা থেকে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ভাঙন এলাকা পরিদর্শন করেছে। জরুরি ভিত্তিতে বরাদ্দ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.