Sylhet Today 24 PRINT

বড়লেখায় এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা

বড়লেখা প্রতিনিধি |  ০৩ এপ্রিল, ২০১৮

মৌলভীবাজারের বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বাথরুমে ১৫ মিনিট সময় কাটানো, শিক্ষকের সাথে অসদাচরণ ও মোবাইল ফোন পাওয়ার অভিযোগে মো. শাহজাহান নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫দিনের কারাদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (৩ এপ্রিল) এইচএসসি পরীক্ষা চলাকালীন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে বহিষ্কার করা হয়। এবং জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উদ্দিন। এ সময় বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সুহেল মাহমুদ, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেবদুলাল ধরসহ পরীক্ষা কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো. শাহজাহান বড়লেখা ডিগ্রি কলেজের ছাত্র। তার রুল নম্বর-৩৩২৬৯৫।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন মো. শাহজাহান প্রশ্নপত্র জমা না দিয়ে বাথরুমে যান। ১৫ মিনিট পর বাথরুম থেকে ফিরলে তার কাছে থাকা প্রশ্নপত্রের পেছনে লেখা দেখতে পান হল পরিদর্শক। এ বিষয়ে জানতে চাইলে ওই শিক্ষার্থী মোবাইল ফোন বের করে বাইরে কাউকে ফোন করেন। পাশাপাশি শিক্ষকের সাথে অসদাচরণ করেন।

এর পরই তাকে বহিষ্কার ও দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা (পরীক্ষা সংক্রান্ত) অনুযায়ী সরকারি নির্দেশনা অমান্য এবং পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০ এর ১১ (ক) অনুযায়ী জরিমানা করা হয়েছে।

পরবর্তীতে এই শিক্ষার্থী জরিমানার টাকা পরিশোধ করেছে।

বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব আব্দুল খালিক বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হলের মধ্যে প্রশ্নের পেছনে লিখেছে ও তার কাছে মোবাইল পাওয়া গেছে। এই দুই কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.