Sylhet Today 24 PRINT

বাহুবলে পুত্রের দা’র কোপে আহত বাবার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ০৪ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের বাহুবলে পুত্রের দা’র কোপে আহত পিতা আকবর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার(৪ এপ্রিল) সকাল ৯টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন বলে হাসপাতালের একটি সূত্র নিশ্চিত করেছে।

এ ঘটনাটি ঘটে বাহুবলে উপজেলার সাতকাপন ইউনিয়নের হরাইটেকা গ্রামে।

জানা যায়, উপজেলার হরাইটেকা গ্রামের মৃত আরফান উল্লার পুত্র আকবর আলী (৬৫) দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। গত সোমবার (২ এপ্রিল) দুপুরে পারিবারিক বিষয়াদি নিয়ে আকবর আলীর সাথে তার পুত্র তাজুল ইসলাম (২০) এর বাকবিতণ্ডা হয়। এর কিছুক্ষণ পর পরিবারের লোকজন অসুস্থ পিতা আকবর আলীকে গোসল করানোর জন্য ঘর থেকে বের করেন।

এ অবস্থায় বদমেজাজি পুত্র তাজুল ইসলাম ধারালো বটি দা দিয়ে তাকে উপর্যুপরি কুপিয়ে ক্ষতবিক্ষত করে।

এ সময় আকবর আলীর অপর পুত্র মনির মিয়া (১৭) তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও কুপিয়ে জখম করে। পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় আকবর আলী ও মনির মিয়াকে প্রথমে বাহুবল ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে আকবর আলী মারা যান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.