Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে মাদ্রাসা ছাত্রকে শিক্ষকের ‘মারধর’

চুনারুঘাট প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০১৮

হবিগঞ্জের চুনারুঘাটে রাসেদ আহমেদ (১০) নামে এক মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে জখম করেছেন শিক্ষক হাফেজ জাবের আহমেদ।

বুধবার (৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোছাপাড়া এলাকার হাজী রিয়াছত উল্লা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

আহত রাসেদ চুনারুঘাটের ঘনশ্যামপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় রাসেদের সঙ্গে তার সহপাঠীর কথাকাটাকাটি হয়। এ অভিযোগ পেয়ে মাদ্রাসার শিক্ষক হাফেজ জাবের আহমেদ তাকে বেত দিয়ে পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসা দেন।

এ ব্যাপারে চুনারুঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাইজার মোহাম্মদ ফারাবী সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, ‘এই বিষয়ে এখনো কোন অভিযোগ আমার কাছে আসেনি, তবে বিষয়টি আমি শুনেছি এবং ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদানের জন্য বলেছি।’

তিনি আরো বলেন, ‘এ ব্যাপারে কয়েকজন স্থানীয় প্রতিনিধির সাথে কথা হলেও তারা ঘটনাটি নিয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন। বিস্তারিত জানার পর স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির পরামর্শ দেওয়া হয়েছে।’

এ ঘটনায় চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জানান, ‘বিষয়টি আমি শুনেছি তবে এখনো কেউ থানায় অভিযোগ প্রদান করেননি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.