হবিগঞ্জ প্রতিনিধি | ০৫ এপ্রিল, ২০১৮
জামায়াতের রাজনীতি নিষিদ্ধকরণ আইনটি বর্তমানে মন্ত্রী পরিষদ সভায় উপস্থাপনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আইনটি মন্ত্রী পরিষদে অনুমোদন হলে তা সংসদে উত্থাপন করা হবে।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) বিকেলে হবিগঞ্জ শহরের জালাল স্টেডিয়ামে হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য মো. আবু জাহিরকে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিএনপি যদি নির্বাচন করতে চায় তাহলে আওয়ামীলীগ তাদের সাথে প্রতিযোগিতা করবে। আর যদি তারা ধ্বংসের রাজনীতি করতে চায় তাহলে আওয়ামীলীগ এর প্রতিরোধ করবে।
জনগণ এখন আর বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়না উল্লেখ করে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ যখন দেশের উন্নয়নের ঐক্যবদ্ধ বিএনপি তখন তা ধ্বংসের পায়তারার লিপ্ত রয়েছে।
তিনি আরো বলেন, খালেদা জিয়ার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। কিন্তু দুদক সেখানে খালেদা জিয়ার জামিনের বিরুদ্ধে আপিল করে। আপিল বিভাগের পূর্ণ বেঞ্চ জামিন স্থগিত করেছেন। এখানে সরকারের কিছু করার নেই।
এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক ভাষা সৈনিক অ্যাডভোকেট সৈয়দ আফরোজ বখত।
শাবিপ্রবি’র শিক্ষক ড. জহিরুল হক শাকিল ও রুমা মোদকের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, সাবেক সচিব বিডি মিত্র, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুবীর নন্দী, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মেজর (অব:) তাহের উদ্দিন আখঞ্জি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুনা চৌধুরী প্রমুখ।
তারপর এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন সুবীর নন্দী, সালমা, আশিক, তন্বীসহ অন্যান্য শিল্পীরা।