Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে কুশিয়ারা এক্সপ্রেসে হঠাৎ আগুন

নিজস্ব প্রতিবেদক |  ০৬ এপ্রিল, ২০১৮

সিলেটে কুশিয়ারা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুণ লাগার ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

 বৃহস্পতিবার (০৫ এপ্রিল) বেলা আড়াইটায় সিলেট-মাইজগাঁও রেলওয়ে স্টেশনের মোগলাবাজার রেলওয়ে স্টেশনে পৌছামাত্র ট্রেনে এ আগুন লাগার ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শীরা জানান, আখাউড়া থেকে সিলেটগামী কুশিয়ায়া এক্সপ্রেস লোকাল ট্রেনটি মাইজগাঁও থেকে ছেড়ে আসার পর আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক চালক ট্রেনটি মোগলাবাজার রেলওয়ে স্টেশনে নিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

সিলেট রেলওয়ে স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান বলেন, ট্রেনের ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়াতে আগুন ধরে যায়। ইঞ্জিনের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। অবশ্য আগুন নিয়ন্ত্রণে আসার পর ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছায় বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.