নিজস্ব প্রতিবেদক | ০৬ এপ্রিল, ২০১৮
সরকার বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। তিনি বলেছেন, ‘বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সরকার বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টাও করেছে। অত্যাচার-নির্যাতন ও জেল জুলুমের পরও খালেদা জিয়া সঠিক নেতৃত্বের কারণে তারা বার বার ভাঙনের চেষ্টা করেও তাতে ব্যর্থ হয়েছে।’
শুক্রবার (৬ এপ্রিল) বিকেলে কেন্দ্রীয়, মহানগর ও সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে সিলেট মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
দলের চেয়ারপার্সনের মুক্তির দাবিতে আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফলের লক্ষে এ মতবিনিময় সভার আয়োজন সিলেট মহানগর বিএনপি।
মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলে তিনি আপসহীন নেত্রী। আর এই জন্যই তার ভয়ে ভীত হয়ে বর্তমান অবৈধ সরকার মিথ্যা ও প্রহসনের মামলায় তাকে কারান্তরীন করে রেখেছে।’
তিনি বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। তাই গণতান্ত্রিক পন্থায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। এজন্য তিনি আগামী ১০ এপ্রিল সিলেটে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দলের নেতাকর্মীদের আহবান জানান।’
মোহাম্মদ শাহজাহান বলেন, ‘জনগণ জেগে উঠেছে। তাদের সমন্বিত আন্দোলনেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে বাধ্য হবে সরকার। আর ওইদিনই হবে সরকারের শেষ দিন। তাদের পতন হবে।’
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য ডা. শাহরিয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান বিপ্লব, জাসাসের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হেলাল খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।
এছাড়া উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সালেহ আহমদ খসরু, রেজাউল হাসান কয়েস লোদী, ফরহাদ চৌধুরী শামীম, আব্দুর রকিব তুহিন প্রমুখ।
মতবিনিময় সভায় মহানগর বিএনপির ও সহযোগী সংগঠনের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।