নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল, ২০১৮
২০১৭ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম সহ ১০ জন নারীকে সম্মাননা দিয়েছে ‘পাক্ষিক অনন্যা’।
শনিবার (৭ এপ্রিল) বিকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা তুলে দেওয়া হয়।
ড. মোছাম্মৎ নাজমানারা খানুম দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার। সম্মাননা প্রাপ্তদের সকলেই অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তিনি উপস্থিত থাকতে পারেন নি।
সম্মাননাপ্রাপ্তরা হলেন: অধ্যাপক ড. সাদেকা হালিম (শিক্ষা), ড. মোছাম্মৎ নাজমানারা খানুম (প্রশাসন), ফারজানা চৌধুরী (নারী উদ্যোক্তা), নবনীতা চৌধুরী (সাংবাদিকতা), স্বপ্না রাণী (গ্রামীণ নারীদের স্বাবলম্বিতা), নাদিরা খানম (তৃতীয় লিঙ্গ অধিকারকর্মী), মাহফুজা আক্তার কিরণ (ক্রীড়া সংগঠক), নাজিয়া জেবিন (সমাজকর্মী), শারমিন সুলতানা (সংগীত) ও মারিয়া মান্দা (ক্রীড়া)।
স্ব স্ব ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য ১৯৯৩ সাল থেকে নারীদের এই সম্মাননা দিয়ে আসছে অনন্যা। নারীর চোখে বিশ্ব দেখার প্রত্যয় নিয়ে পাক্ষিক অনন্যা যাত্রা শুরু করে ১৯৮৮ সালে। অনন্যা শুধু বাংলাদেশই নয়, সমগ্র বিশ্বের নারীর সক্ষমতা ও অগ্রগতিকে গুরুত্বের সঙ্গে তুলে ধরে। লেখনীর মাধ্যমে অনন্যা তুলে ধরে নারীর মানবিক, সামাজিক ও রাজনৈতিক অধিকারের বিষয়গুলো।