নিজস্ব প্রতিবেদক | ০৮ এপ্রিল, ২০১৮
আইনজীবীদের পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন সাধারণ নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি এ.টি.এম. ফয়েজ উদ্দিন নীল প্যানেলে 'ডি' অঞ্চল (বৃহত্তর কুমিল্লা-সিলেট) থেকে দলীয় মনোনয়ন লাভ করেছেন।
আগামী ১৪ মে (সোমবার) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্রে ও দেশের ১২ উপজেলা পর্যায়ে দেওয়ানি আদালত অঙ্গনের ভোটকেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আইনজীবীদের সনদ প্রদানের ক্ষমতাসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ এই সংস্থার নির্বাচন প্রতি তিন বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে বার কাউন্সিল। এর মধ্যে রাষ্ট্রের এটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আর বাকী ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন।
১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ১৪ জন সদস্যের মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে ৭ জন নির্বাচিত হবেন।
৭টি অঞ্চল হলো-
১. সাবেক বৃহত্তর ঢাকা জেলার সকল আইনজীবী সমিতি ২. বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি ৩. বৃহত্তর চট্টগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতি ৪. বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতি ৫. বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতি ৬. বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতি এবং ৭. বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতি।
ঘোষিত তফসিল অনুযায়ী ৩ এপ্রিল থেকে আজ (রোববার) ৮ এপ্রিল বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। আগামী ১৫ এপ্রিল বিকাল ৪টায় মনোনয়নপত্র বাছাই করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ আগামী ১৮ এপ্রিল।